সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতিকালে বাংলাদেশ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েকটি হাইয়েস গাড়িতে করে নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেন, কোনো মামলা বা এজাহার ছাড়াই মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে, যা তাদের মতে উদ্বেগজনক ও ন্যায়বিচারের পরিপন্থী। তারা আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণের দাবি জানান।
এদিকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।
তিনি বলেন, “সিলেটে পুলিশের হয়রানি আজ নতুন মাত্রা পেয়েছে। সিলেট মহানগর ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রেফতার করে সিলেটের রাজপথের আওয়াজ স্তব্ধ করা যাবে না। মিছিল চলবে, প্রতিবাদ চলবে।”
