সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ত্রাণ কার্যক্রম নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন সাংবাদিক এবেন মীর (Eben Mir)।

পোস্টে তিনি দাবি করেন, এনসিপির নেতাকর্মীরা কয়েকটি ট্রাকে করে বাঁশখালির ছনুয়া ইউনিয়নে গেলেও ট্রাকগুলোতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ছিল না। তার ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় সেখানে পৌঁছানোর পর রাত পর্যন্ত অপেক্ষার পর অল্প কিছু ত্রাণসামগ্রী নৌকায় করে কয়েকটি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এবেন মীর আরও অভিযোগ করেন, ত্রাণ বিতরণের তুলনায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল অনেক বেশি। তিনি দাবি করেন, নৌকায় অতিরিক্ত লোক ওঠায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং এ কারণে তিনি নিজে নৌকা থেকে নেমে যান। এছাড়া ত্রাণ বিতরণের সময় একটি পরিবারের নির্মাণাধীন বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, পুরো পথে অনেক বানভাসি মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করলেও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়নি। একই সঙ্গে ট্রাক চলাচলের কারণে ভাঙা রাস্তার আরও ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সবশেষে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, এমন কর্মকাণ্ড একটি সম্ভাবনাময় রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
তবে এবেন মীরের এসব অভিযোগের বিষয়ে এনসিপি বা হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ন্যাশনিক্স/এলকে
