দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আরও দুই জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৭৭৬ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৫৮ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। একই সময়ে হাম সন্দেহে আরও দুই জনের মৃত্যু হওয়ায় এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩ জন।
