International Women’s Day উপলক্ষে বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন Sheikh Hasina। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের নারী সমাজের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে, যা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করার জন্য আন্তর্জাতিক পর্যায়েও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন শেখ হাসিনা। নারী উন্নয়ন ও নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন কর্তৃক ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন।
এছাড়াও বাংলাদেশে নারী শিক্ষা ও নারী উদ্যোক্তা তৈরিতে নেতৃত্বদানের জন্য তিনি ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রাজনৈতিক অঙ্গনে লিঙ্গবৈষম্য হ্রাসে ভূমিকার জন্য উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) ও UNESCO আয়োজিত ‘ডব্লিউআইপি গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড’ লাভ করেন।
নারী শিক্ষার প্রসারে অবদানের জন্য তিনি ‘ট্রি অব পিস’ পুরস্কার পান। একই সঙ্গে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য UN Women তাকে ‘এজেন্ট অব চেঞ্জ’ সম্মাননায় ভূষিত করে। এছাড়া নারীর সমঅধিকার ও নেতৃত্বে ভূমিকার জন্য তিনি ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কারও অর্জন করেন।
আন্তর্জাতিক নারী দিবসে দেওয়া বার্তায় শেখ হাসিনা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও নারীদের অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ অব্যাহত থাকবে।
তিনি দেশ ও বিশ্বের সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান এবং নারীদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
