ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণা নিয়ে বিলম্ব ও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ভোরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি দাবি করেন, বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হলেও গভীর রাত পর্যন্ত কয়েকটি আসনের ফল ঘোষণা করা হয়নি। দলীয় এজেন্টদের প্রাপ্ত তথ্য অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যেই ফল ঘোষণার কথা ছিল বলে জানান তিনি।
জুবায়ের অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনসহ কয়েকটি স্থানে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের শিটে পরিবর্তন ও ওভাররাইটিং করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু শিটে কাটাকাটি ও সংশোধনের মাধ্যমে ভোটের যোগফলে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হলে কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/এলকে
