নরসিংদী-২ আসনের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারির’ অভিযোগ তোলেন।
নিজ পোস্টে তিনি দাবি করেন, নরসিংদী-2 আসনে জামায়াত প্রার্থী জোটের পক্ষে পূর্ণ সহযোগিতা ও সক্রিয়ভাবে কাজ করলে ১১ দলীয় জোট ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হতে পারতো। তিনি উল্লেখ করেন, ধানের শীষ, দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকের প্রার্থীদের প্রাপ্ত বেসরকারি ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করেই তিনি এ মন্তব্য করেছেন।
সারোয়ার তুষার আরও বলেন, পলাশ এলাকায় জোটের কার্যক্রম দৃশ্যমান না থাকায় অনেক ভোটার ধানের শীষে ভোট দিয়েছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনে তাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা দুই প্রতীকের বিরুদ্ধেই লড়াই করতে হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক না থাকলে ফলাফল ভিন্ন হতে পারতো বলেও মন্তব্য করেন তিনি।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট জামায়াত প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ন্যাশনিক্স/এলকে
