আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো সমস্যা হবে না।
এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনায় বলা হয়, কেবল প্রিসাইডিং কর্মকর্তা, কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এবং ‘ইলেকশন সিকিউরিটি ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য নিয়োজিত দুইজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন।
এই সিদ্ধান্তের ফলে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্তটির প্রতিবাদ জানায়।
আরএফইডি নেতারা জানান, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। নির্বাচন কমিশন এ বিষয়ে আশ্বাস দিয়ে জানায়, সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্ট করা হবে।
সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ ও বিভিন্ন মহলের সমালোচনার পর নির্বাচন কমিশন তাদের আগের সিদ্ধান্তে সংশোধন আনে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ন্যাশনিক্স/এলকে
