সাতক্ষীরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তেঁতুলতলা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম এবং রজব আলীর ছেলে মনিরুল ইসলাম।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে একটি ঘেরের বাঁধে টমেটো তুলতে যান মনিরুল ইসলাম। এ সময় পা পিছলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাকে উদ্ধার করতে এগিয়ে যান আব্দুর রহিম। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ন্যাশনিক্স/এপি
