বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, গণহত্যা ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, অথচ আজও সেই অপরাধের জন্য ক্ষমা চায়নি তারা কীভাবে জনগণের কাছে ভোট চাইতে পারে, তা বোধগম্য নয়।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আগে ১৯৭১ সালের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তারপর ভোট চাওয়ার প্রশ্ন আসে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় তিনি এলাকায় প্রত্যাশিত উন্নয়ন করতে পারেননি উল্লেখ করে বলেন, এবার ধানের শীষে ভোট দিয়ে তাকে ও বিএনপিকে সুযোগ দিলে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, গতকাল রংপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ যাদের রয়েছে, তা সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের দায় সরকার গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি জানান, দেশের মানুষের কল্যাণে বিএনপির পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর কথা উল্লেখ করে এসব কার্ডের মাধ্যমে জনগণ কী ধরনের সুবিধা পাবে, সে বিষয়েও বক্তব্য দেন বিএনপি মহাসচিব।
নির্বাচনী সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ন্যাশনিক্স/এপি
