রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার বয়স পঁয়ত্রিশ বছর। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে নাঈম কিবরিয়া রাতে একটি প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাটি নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ইমাউল হক আরও জানান, নিহতের বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এখনো আসামিদের পরিচয় অজ্ঞাত রাখা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রযুক্তিগত ও গোয়েন্দা উপায়ে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আসামিদের গ্রেপ্তার করা গেলে এটি শুধুই বাকবিতণ্ডা থেকে সংঘটিত হত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
