চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ফের আন্দোলন

অবশ্যই পরুন

চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবির অগ্রগতি না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন। প্রতিশ্রুতি দেওয়ার পাঁচ মাস পার হলেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে একটি স্বতন্ত্র কমিশনের অধীনে চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালনার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ চলাকালে ‘স্বতন্ত্রতা দাও, শিক্ষার্থীর জীবন বাঁচাও’, ‘ইঞ্জিনিয়ারস ডিজার্ভ এডুকেশন, নট এক্সপ্লয়টেশন’, ‘রিফর্ম দ্য সিস্টেম, সেভ লাইফ’ এবং ‘যে নীতিতে ছাত্র মরে, সেই নীতি চলবে না’ এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এর আগে গত বছরের আগস্ট পর্যন্ত টানা ছয় মাস তারা আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে দাবি আদায়ে চারটি কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেন। প্রায় ৭৫ ঘণ্টা অনশনের পর ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যান। তবে পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুস শাহাদাত জিয়াস বলেন, “২০২৫ সালের শুরু থেকে টানা ছয় মাস আমরা আন্দোলন করেছি। অনশন ও অধিদপ্তর ঘেরাওয়ের পর সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা সুপারিশও করেছে। কিন্তু এখন পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।”

জানা গেছে, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেটের চারটি বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও একাডেমিক সংকটে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের দ্বৈত ব্যবস্থাপনার কারণে পরীক্ষা, ফল প্রকাশ ও পাঠ্যক্রমসহ নানা বিষয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

এই সংকট নিরসনে বিআইটির আদলে একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত বছরের ১২ আগস্ট তারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরদিন ১৩ আগস্ট মন্ত্রণালয়ের আশ্বাসে তারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ